
|
আট মাসেও সরকার কোথাও সফলতা দেখাতে পারেনি: পীর সাহেব চরমোনাই
প্রকাশ:
১১ নভেম্বর, ২০২৬, ০৭:২৯ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বিপুল প্রত্যাশা নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও আট মাস পেরিয়ে যাওয়ার পর কোনো ক্ষেত্রেই সফলতা দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, বরং সরকারের ব্যর্থতাগুলো দিন দিন প্রকট হয়ে উঠছে। মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলোতেও সরকারের সফলতা দেখা যাচ্ছে না। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে পতিত শক্তি সারা দেশে নাশকতা চালিয়েছে। পুলিশের তথ্যমতে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা ও দেশের ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগ। স্বরাষ্ট্রমন্ত্রী এই নাশকতার বিষয়টি স্বীকার করতে না চাইলেও তা জনমনে উদ্বেগ তৈরি করেছে। তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষের কোনো সমাধান হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ নাজেহাল। সার্বিকভাবে জনজীবনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারের কার্যকর উদ্যোগ ও সফলতা দৃশ্যমান নয়। আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর অবদান স্মরণ করে মুফতি রেজাউল করীম বলেন, দীনের প্রায় সব শাখায় তাঁর বিস্তৃত খেদমত ছিল। তাঁর বাবা মরহুম শায়েখের বিভিন্ন মিশন সফল করার পেছনে আল্লামা ফয়েজীর অক্লান্ত পরিশ্রম ও অবদান ছিল অপরিসীম। তিনি বলেন, আল্লামা ফয়েজী দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব হিসেবেও তিন যুগের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তিনি চরমোনাই জামিয়ার নায়েবে মুহতামিম ছিলেন। রাজনীতি, ইলমচর্চা, তাসাউফ ও ইসলামী ঐক্যের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। আমৃত্যু তিনি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দেশের সর্বস্তরের আলেমদের মধ্যে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। পীর সাহেব চরমোনাই আরও বলেন, আমরা তাঁকে কাছ থেকে দেখেছি। রাজনীতির কঠিন সময়ে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে কখনো পরোয়া করতেন না। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর খলিফা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সভার উদ্বোধন করেন আল্লামা ফয়েজীর খলিফা ও সাহেবজাদা মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মাওলানা মুজিবুর রহমান, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা আব্দুস সাত্তার হামিদী, মুফতি আবু ইউসুফ আল মাদানী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা আবদুর রাজ্জাক, হাফেজ মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আলী আহমদ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শামসুদদোহা তালুকদার, মাওলানা আমির হোসাইন, মুফতি কাউসার বাঙালি, মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মাওলানা আনছার আহমদ, মুফতি নুরুল্লাহ আশরাফী, মুফতি বরকতুল্লাহ কাসেমী, মাওলানা এমদাদুল্লাহ ফাহাদ, মাওলানা আলাউদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব। এসএইচ/ |