
|
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত
প্রকাশ:
০৯ নভেম্বর, ২০২৬, ০৯:৪৬ রাত
নিউজ ডেস্ক |
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস জনগণের সঙ্গে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ময়মনসিংহ টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও দায়িত্বশীল অংশ নেন। জেলা জমিয়তের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। প্রধান বক্তা ছিলেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মাদুল্লাহ জামী, সহকারী মহাসচিব মাওলানা মাহবুবুল্লাহ কাসেমী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা রুহুল আমীন নগরী প্রমুখ। জেলা সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহিল বাকির পরিচালনায় সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিনিধিরা বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, উপমহাদেশ থেকে ব্রিটিশদের বিতাড়িত করতে জমিয়তের আকাবিরদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জমিয়তে উলামায়ে ইসলামের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস, যা অন্য কোনো দলের নেই বলে তিনি দাবি করেন। প্রধান বক্তা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ‘১৯৭১ সালে আমাদের ভূমিকা ছিল দেশের পক্ষে, ২০২৪ সালেও জমিয়তের ভূমিকা ছিল দেশের পক্ষে।’ দেশের স্বার্থ বিবেচনায় শুরুতে ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে মেনে নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে তিনি জনগণের সঙ্গে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতা করেছেন। সম্মেলনে কেন্দ্রীয় নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসএইচ/ |