
|
পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি
প্রকাশ:
০৯ নভেম্বর, ২০২৬, ০৫:৩৫ বিকাল
নিউজ ডেস্ক |
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধসহ তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা ও ঈমান আকিদা রক্ষা কমিটি। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন দুটি। সোমবার (৯ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে সংগঠন দুটির নেতারা ভারতের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিভিন্ন বক্তব্যকে কোরআন-সুন্নাহবিরোধী ও ঈমান-আকিদার পরিপন্থী বলে দাবি করেন। এ সময় তার কয়েকটি বক্তব্য তুলে ধরে সেগুলোকে ভ্রান্ত বলেও উল্লেখ করেন তারা। নেতারা বলেন, তারা তাবলিগের মেহনতের বিরোধী নন; বরং তাবলিগের নামে ভুল আকিদা প্রচারের বিরোধিতা করছেন। মাওলানা সাদ কান্ধলভির বিভিন্ন বক্তব্যের বিষয়ে ভারতের দারুল উলুম দেওবন্দ একাধিকবার আপত্তি জানিয়েছে বলেও দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের বিরুদ্ধে সহিংসতা, ওলামায়ে কেরাম ও মুসল্লিদের হতাহত এবং সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগও তোলা হয়। বক্তারা জানান, সাদপন্থীদের ইজতেমা বন্ধ এবং পঞ্চগড়ে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধের দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ ছাড়া এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার দায় প্রশাসনকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাহমুদুল আলম, ঈমান আকিদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক কারি মোহাম্মদ আব্দুল্লাহ, খেলাফত মজলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিনসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসএইচ/ |