পশ্চিমা নারীবাদের প্রভাব থেকে প্রজন্মকে রক্ষায় আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের
প্রকাশ: ০৯ নভেম্বর, ২০২৬, ০৪:৪৩ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

পশ্চিমা নারীবাদের অশুভ প্রভাব থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে নারীদের মধ্যে সচেতনতা তৈরি করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

তিনি বলেন, আমরা প্রায় হাজার বছর ধরে মুসলমান। আমাদের নিজস্ব সমাজরীতি, সামাজিকতা ও সংস্কৃতি রয়েছে। ইসলাম বিধৌত প্রাচ্য সমাজে নারী ও পুরুষের সম্পর্ক পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের। মহান আল্লাহ তায়ালা নারী ও পুরুষকে একে অপরের পোশাক হিসেবে অভিহিত করেছেন। এই সম্পর্কের ভিত্তি হলো সম্মান, দায়িত্ববোধ, সহযোগিতা ও সহমর্মিতা। এভাবেই আমাদের সমাজ গড়ে উঠেছে। নারী-পুরুষের সম্মিলিত সাধনায় বিকশিত হয়েছে পরিবার ও সমাজ।

কিন্তু পশ্চিমা নারীবাদ নারী ও পুরুষকে আলাদা বর্গে বিভক্ত করে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়েছে। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ককে সংঘাতের সম্পর্কে পরিণত করেছে। পশ্চিমা নারীবাদের এই অশুভ প্রভাব থেকে প্রজন্মকে রক্ষা করতে নারীদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

সোমবার (৯ নভেম্বর) পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ছাত্রী ও মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত ‘জেলা-মহানগর ছাত্রী ও মহিলা বিষয়ক দায়িত্বশীল কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শেখ মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও শাহ ইফতেখার তারিক।

দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে পীর সাহেব চরমোনাই বলেন, দেশ পরিচালনায় সরকারের সফলতা জনমনে স্পষ্ট হচ্ছে না; বরং ব্যর্থতার চিত্র প্রকট হয়ে উঠছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক। গত কয়েক দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্য লাগামহীন। এটি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের ক্ষেত্রেও ইনসাফ নিশ্চিত করতে হবে।

এসএইচ/