
|
হজযাত্রীদের সেবায় ওয়াক্ফ সম্পদ ব্যবহারে সৌদির উদ্যোগ
প্রকাশ:
০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৫২ রাত
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক হজযাত্রীদের সেবার মান বাড়াতে ওয়াক্ফ সম্পদের ব্যবহার আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি ফর আওকাফ। এ লক্ষ্যে জেদ্দায় অনুষ্ঠিত ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনীতে অংশ নিয়েছে সংস্থাটি। সম্মেলন উপলক্ষে হজযাত্রীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়নে একাধিক চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। রোববার (৮ নভেম্বরের) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়, জেদ্দা সুপারডোমে ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের সহযোগিতায় এ আয়োজন করেছে। সম্মেলনে জেনারেল অথরিটি ফর আওকাফের একটি বিশেষ প্যাভিলিয়ন রয়েছে। সেখানে হজযাত্রীদের সেবায় সংস্থাটির বিভিন্ন উদ্যোগ এবং ওয়াক্ফ প্রতিষ্ঠাতাদের নির্ধারিত শর্ত অনুযায়ী সম্পদ ব্যবহারের কার্যক্রম তুলে ধরা হচ্ছে। সংস্থাটি এমন প্রকল্পে গুরুত্ব দিচ্ছে, যেগুলো হজযাত্রীদের উপকারে আসার পাশাপাশি দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব তৈরি করবে। হজযাত্রীদের সেবায় বিভিন্ন উদ্যোগ ও প্রকল্প এগিয়ে নিতে সম্মেলন চলাকালে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। এসব উদ্যোগের মাধ্যমে ওয়াক্ফ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে এর অর্থ ব্যয়ের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্য রয়েছে। জেনারেল অথরিটি ফর আওকাফের কৌশলগত লক্ষ্য হলো- সৌদি আরবে ওয়াক্ফ খাতের উন্নয়ন এবং ওয়াক্ফের অর্থ এমন কর্মসূচিতে ব্যয় করা, যেগুলো দীর্ঘস্থায়ী ও ব্যাপক জনকল্যাণ বয়ে আনতে পারে। হজ সম্মেলনে সংস্থাটির অংশগ্রহণের মাধ্যমে ধর্মীয় ও জনকল্যাণমূলক সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে হজযাত্রীদের সেবার সমন্বয় আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ওয়াকফ হলো ইসলামি আইন অনুসারে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি নিজের ব্যক্তিগত মালিকানা থেকে চিরতরে বের করে দিয়ে আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে ধর্মীয়, সৎ বা জনকল্যাণমূলক কাজে স্থায়ীভাবে উৎসর্গ করা। সহজ কথায়, কোনো সম্পত্তি এমনভাবে দান করা, যা বিক্রি, হস্তান্তর বা উত্তরাধিকারসূত্রে বণ্টন করা যায় না এবং যার উপযোগিতা বা মুনাফা স্থায়ীভাবে মানুষের কল্যাণে ব্যয় করা হয়। এসএইচ/ |