দক্ষিণ কোরিয়ায় ইসলামী আন্দোলনের নতুন কমিটি
প্রকাশ: ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:৫৪ দুপুর
নিউজ ডেস্ক

আওয়ার ইসলাম ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কোরিয়া শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলন শেষে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা ইমাম হোসাইন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা জাবেদ হোসাইন।

সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দক্ষিণ কোরিয়া সফররত বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ সজল ও রাজন শিকদার।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, প্রবাসের মাটিতে ইসলামী আন্দোলনের দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইসলামের সুমহান আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রচার-প্রসারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তা মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক রাজনৈতিক ও গণমানুষের কল্যাণমুখী সংগঠন। সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে ব্যক্তিগত আমল-আখলাক, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে দ্বীনি ও সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।

সম্মেলন শেষে ঘোষিত নতুন কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন—সহসভাপতি মুফতি আমানুল্লাহ, হাফেজ হাফিজুর রহমান ও মাওলানা ইলিয়াস হোসাইন।

নবগঠিত কমিটির নেতারা দক্ষিণ কোরিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি, সাংগঠনিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসএইচ/