
|
যুবসমাজকে নৈতিকতা ও ইসলামি মূল্যবোধে গড়ে তুলতে হবে: শায়খে চরমোনাই
প্রকাশ:
০৮ নভেম্বর, ২০২৬, ০৮:২২ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক যুবসমাজ একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে নৈতিকতা, আদর্শ ও ইসলামি মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির প্রকৃত মুক্তি, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামি আদর্শের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নরসিংদী বাংলাদেশ শিশু একাডেমিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার ৬ষ্ঠ জেলা যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতী ফয়জুল করীম বলেন, যুবসমাজের শক্তি ও সম্ভাবনাকে দেশ গঠনের কাজে লাগাতে হলে তাদের আদর্শিক ও নৈতিকভাবে গড়ে তুলতে হবে। ইসলামী মূল্যবোধে উজ্জীবিত যুবসমাজই পারে অন্যায়-অবিচার দূর করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় আদর্শিক যুব নেতৃত্ব গড়ে তোলা সময়ের দাবি। যুবসমাজকে অন্যায়, দুর্নীতি, আধিপত্যবাদ ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশপ্রেম, দায়িত্বশীলতা ও ইসলামি মূল্যবোধ ধারণ করে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জেলা সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম মাহমুদুল হাসানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফা হোসেন ভূঁইয়া, সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম মোল্লা ও মুহাম্মদ আতিকুর রহমানসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা। বিশেষ অতিথিরা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, অর্থনৈতিক সংকট ও যুবসমাজের কর্মসংস্থান নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মুসলিম উম্মাহর সংকট, ফিলিস্তিনের স্বাধীনতা এবং নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা। বক্তারা বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আদর্শিক যুবসমাজের ভূমিকা অপরিসীম। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও নৈতিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে যুবকদের। সম্মেলনে নরসিংদী জেলা এবং বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষপর্বে ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মাওলানা মোবারক হোসাইন, সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ জহিরুল ইসলাম। আইও/ |