মসজিদে নববির আঙিনায় মুসল্লিদের ছায়া দিচ্ছে ২৫০ বিশাল ছাতা
প্রকাশ: ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:০১ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মদিনার মসজিদে নববির আঙিনায় মুসল্লিদের রোদ থেকে সুরক্ষা দিতে স্থাপন করা হয়েছে ২৫০টি বিশাল আকৃতির স্বয়ংক্রিয় ছাতা। মসজিদটির চারপাশের বিভিন্ন স্থানে সুনির্দিষ্ট পরিকল্পনায় এসব ছাতা স্থাপন করা হয়েছে, যাতে মুসল্লিরা খোলা চত্বরে অবস্থান ও ইবাদতের সময় ছায়া পান।

এ ২৫০টি ছাতার পাশাপাশি মসজিদে নববির অভ্যন্তরেও রয়েছে ১২টি ছাতা। তবে একসময় মসজিদের ৩৪ নম্বর প্রবেশদ্বারের কাছে আরও কয়েকটি ছাতা দেখা গেলেও বর্তমানে সেগুলো আর নেই।

সম্প্রতি প্রকাশিত একটি মানচিত্রে মসজিদে নববির চত্বরজুড়ে ছাতাগুলোর অবস্থান তুলে ধরা হয়েছে। এতে নম্বর অনুসারে ছাতাগুলোর অবস্থান, বিভিন্ন অংশে তাদের বিন্যাস এবং আশপাশের এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে।

মসজিদে নববির স্থাপত্য ও সেবাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এসব ছাতা। প্রচণ্ড গরম ও প্রখর রোদে লাখো মুসল্লির স্বাচ্ছন্দ্যে ইবাদত এবং চলাচলে এগুলো বিশেষ ভূমিকা রাখছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/