নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলা উইংয়ের যাত্রা শুরু
প্রকাশ: ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:২২ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মুসলিম নারীদের দ্বীনি শিক্ষা, দাওয়াতি কার্যক্রম ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘দাওয়াতুস সুন্নাহ’ মহিলা উইংয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশের মুসলিম নারীদের কোরআন শিক্ষা, আরবি ভাষা ও মৌলিক দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি তাঁদের দাওয়াতি কার্যক্রম পরিচালনায় দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলাদের জন্য আয়োজিত বিশেষ দাওয়াহ কর্মশালায় এ উদ্যোগের ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, মুসলিম নারীদের দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত করার পরিকল্পনা দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় মহিলা উইংয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ জানান, আগ্রহী নারীদের নিবন্ধনের পর তাঁদের যোগ্যতা ও প্রস্তুতি মূল্যায়ন করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁরা অনলাইন ও সরাসরি বিভিন্ন মাধ্যমে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন। এ জন্য অভিজ্ঞ আলেম ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ধারাবাহিক জ্ঞানচর্চার ব্যবস্থা রাখা হবে।

কর্মশালায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনলাইন শিক্ষা কার্যক্রমের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, অনলাইন শিক্ষাব্যবস্থার মাধ্যমে অন্তত ৫০ লাখ মানুষের কাছে কোরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে একটি অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির কাজ চলছে।

দাওয়াতি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আটটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন শায়খ আহমাদুল্লাহ। এগুলোর মধ্যে রয়েছে—ইখলাস ও নিয়তের বিশুদ্ধতা, নিজের জ্ঞানের সীমার মধ্যে থেকে কথা বলা, উম্মাহর ঐক্য রক্ষা, দায়িত্বশীলদের প্রতি আনুগত্য, নিয়মিত জ্ঞান অর্জন এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা।

এ ছাড়া নারীদের দ্বীনি ও দাওয়াতি কাজে এগিয়ে আসার ক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে এ কাজে সময় ও শ্রম ব্যয় করার মানসিকতা তৈরির আহ্বান জানান।

আইও/