
|
রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন
প্রকাশ:
০৬ নভেম্বর, ২০২৬, ০৮:২২ রাত
নিউজ ডেস্ক |
রাজধানীর ভাটারায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কোকাকোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর জানা যাবে। এদিকে আগুনে পুড়ে যাওয়া বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈশাখী পরিবহনের বাসটি সাভার-ঢাকা রুটে চলাচল করে। আগুন লাগার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। নতুন বাজারে যাত্রীরা নেমে যাওয়ার পরপরই দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় বলে সূত্রটি জানিয়েছে। এসএইচ/ |