জামিন পেলেন না মাওলানা কলিম সিদ্দিকী
প্রকাশ: ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশে কথিত অবৈধ ধর্মান্তরকরণ মামলায় আলোচিত ইসলামি ব্যক্তিত্ব এবং বিশিষ্ট দাঈ মাওলানা কলিম সিদ্দিকীসহ আট আসামির জামিন আবেদন বুধবার (৪ নভেম্বর) খারিজ করেছে এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চ। একই মামলায় অপর আট আসামিকে জামিন দিয়েছে আদালত।

১৬ আসামির জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি রাজেশ সিং চৌহান ও বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রের সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ।

জামিন না পাওয়া আট আসামির মধ্যে রয়েছেন মুফতি জাহাঙ্গীর কাসেমি, মাওলানা কলিম সিদ্দিকী, মাওলানা উমর গৌতম, কাওসার আলম, আদম, ইরফান শেখ, ডা. ফারাজ বাবুল্লাহ শাহ ও সালাহউদ্দিন।

অন্যদিকে জামিন পাওয়া আটজন হলেন রাহুল ভোলা, মনু যাদব, ধীরজ গোন্দ রাও জগতাপ, ডা. আরসালান, আবদুল্লাহ উমর, সরফরাজ আলী জাফরি, কুনাল অশোক চৌধুরী ও মুহাম্মদ সেলিম।

উল্লেখ্য, উত্তর প্রদেশে কথিত অবৈধ ধর্মান্তরকরণের অভিযোগে প্রথম মামলাটি দায়ের হয় ২০২১ সালের ২০ জুন। শুরুতে মুফতি জাহাঙ্গীর আলম ও হামদ মুর গৌতমকে আসামি করা হয়। তদন্তের আওতায় আনা হয় ইসলামিক দাওয়াহ সেন্টারকেও। পরবর্তী সময়ে তদন্তে আরও কয়েকজনের নাম যুক্ত হয়। একপর্যায়ে এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়।

২০২৪ সালে বিচারিক আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দেন। ওই রায়ের বিরুদ্ধে একই বছরের সেপ্টেম্বরে এলাহাবাদ হাইকোর্টে আপিল করেন আসামিরা। এবার তাঁদের জামিন আবেদনের শুনানি শেষে আটজনকে জামিন দেওয়া হলেও মাওলানা কলিম সিদ্দিকীসহ অপর আটজনের আবেদন খারিজ করেন আদালত।

সূত্র: ইউএনএ নিউজ

আইও/