
|
বেফাকের জরুরি শূরা বৈঠক ১২ নভেম্বর
প্রকাশ:
০৪ নভেম্বর, ২০২৬, ০৮:২৬ রাত
নিউজ ডেস্ক |
বিশেষ প্রতিনিধি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের শূরা সদস্যদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ নভেম্বর। বোর্ডের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, আওতাধীন মাদরাসাগুলোর জবাবদিহি নিশ্চিত করা এবং কওমি মাদরাসা শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে এ বৈঠক আহ্বান করা হয়েছে। ওইদিন সকাল ১০টায় শুরু হতে বৈঠক চলবে বিকেল পর্যন্ত। এতে সভাপতিত্ব করবেন বেফাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান। বৈঠক পরিচালনা করবেন বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এতে অংশগ্রহণের জন্য শূরার সব সদস্যকে আমন্ত্রণ জানানো হচ্ছে। বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী আওয়ার ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছেন। শূরার কয়েকজন সদস্য ওমরাহ পালন ও বিভিন্ন মাহফিলের ব্যস্ততায় থাকলেও বেশির ভাগ সদস্য বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করছে বেফাক কর্তৃপক্ষ। বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে বেফাকের গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা। এ সময় বোর্ডের সংশ্লিষ্ট কমিটির সদস্যরা বিগত সময়ের কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বোর্ডের কার্যক্রমের অগ্রগতি, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় হবে বলে জানা গেছে। এ ছাড়া বেফাকের আওতার বাইরে থাকা কওমি মাদরাসাগুলোকে বোর্ডের অধীনে নিয়ে আসার বিষয়ে উদ্যোগ নেওয়ার আলোচনা রয়েছে। কওমি মাদরাসাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। বেফাকের অধীন মাদরাসাগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম বা অপরাধ সংঘটিত হলে তা প্রতিরোধ ও প্রতিকারে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে আলোচনা হবে। এ ক্ষেত্রে অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার বিষয়টিও আলোচনায় আসতে পারে। পাশাপাশি কওমি মাদরাসা ও আলেম-উলামাদের বিরুদ্ধে অপপ্রচার এবং বিদ্বেষমূলক কর্মকাণ্ড মোকাবিলায় করণীয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে মাদরাসাগুলোর ভাবমূর্তি রক্ষা, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হবে। এসএইচ/ |