শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন
প্রকাশ: ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:৫০ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা তৈরির পেছনে শুধু রাজনৈতিক দুরভিসন্ধি খুঁজলে চলবে না; শ্রমিকদের চাওয়া-পাওয়া বুঝতে সরকারের ব্যর্থতাও স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

তিনি বলেন, দীর্ঘদিনের লাগাতার মূল্যস্ফীতি, আর্থিক অনিশ্চয়তা ও কর্মক্ষেত্রের নাজুক পরিস্থিতি শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর পর থেকেই আমরা সতর্ক করে আসছিলাম, এর প্রভাব স্বল্প আয়ের মানুষের ওপর পড়বে। তখনই সরকার উদ্যোগ নিয়ে শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করলে পরিস্থিতি এতটা খারাপ হতো না।

মঙ্গলবার (৩ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সভায় তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, ২০২৩ সালের পর সম্প্রতি মজুরি বোর্ড গঠন করা হলেও এখনো এর কোনো বৈঠক হয়নি। ছয় সদস্যের এই বোর্ডে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা শ্রমিকদের স্বার্থ কতটা দেখবেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত মজুরি বোর্ডের সভা আয়োজন করতে হবে, বোর্ডে শ্রমিক প্রতিনিধি বাড়াতে হবে এবং শ্রমিকদের মধ্যে আস্থা তৈরি করতে হবে।

শ্রমিকদের ক্ষোভকে কাজে লাগিয়ে পতিত ফ্যাসিবাদী শক্তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলেও বিভিন্ন খবরে জানা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে সরকারকে আলোচনার মাধ্যমে শ্রমিকদের আশ্বস্ত করতে হবে। সাধারণ শ্রমিকদের সঙ্গে কথা বলতে হবে। একই সঙ্গে দেশের সব রাজনৈতিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে রাজনৈতিক, অরাজনৈতিক ও সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ইঞ্জিনিয়ার মারুফ শেখ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আবুল কাশেম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য (ওলামা বিভাগ) মুফতি কেফায়েতুল্লাহ কাশফী ও কেন্দ্রীয় সদস্য কেএম শরীয়াতুল্লাহ।

আইও/