
|
অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী
প্রকাশ:
০৩ নভেম্বর, ২০২৬, ০৫:১৪ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলাম সহনশীলতা ও ভ্রাতৃত্বের ধর্ম। ইসলামি আদর্শ মানুষের হৃদয়ে পৌঁছে দিতে হলে ধর্মভিত্তিক সংগঠনগুলোর নেতাকর্মীদের আরও বেশি সহনশীল, উদার ও ক্ষমাশীল হতে হবে। অনলাইন বিতর্ক ও বিবাদে আখেরে ইসলামেরই ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট আলেম মুফতি শামসুদ্দোহা আশরাফী। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীতে ওলামা পরিষদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মুফতি শামসুদ্দোহা আশরাফী বলেন, ‘আমরা একে অপরের ভাই। মাসলাক-মাশরাব ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের সবার লক্ষ্য ও গন্তব্য এক—আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য অর্জনে পারস্পরিক হিংসা-বিদ্বেষ ও কাদা ছোড়াছুড়ি সম্পূর্ণ পরিহার করতে হবে। একজন আলেম কখনো আরেকজন আলেমের বিরুদ্ধে কটূক্তি করতে পারেন না। একজন দাঈ কখনো আরেকজন দাঈকে মন্দ বলতে পারেন না। যারা এ ধরনের কাদা ছোড়াছুড়িতে জড়াচ্ছেন, তারা নিজ নিজ সংগঠনেরই ক্ষতি করছেন।’ তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশের বৃহৎ জনগোষ্ঠীর আস্থার একটি সংগঠন। বড় সংগঠন হিসেবে এর নেতাকর্মীদের দায়বোধও বেশি থাকা প্রয়োজন। তাদের আরও বেশি সহনশীলতার পরিচয় দিতে হবে। আমাদের আমীর শিখিয়েছেন, ‘সমালোচনা নয়, দাওয়াত দাও। গালি নয়, বুকে টেনে নাও।’ দেশে ইসলামবিদ্বেষী শক্তিগুলো যখন ঐক্যবদ্ধ হচ্ছে, তখন আমাদের মধ্যে অনৈক্য ও বিবাদ চরম আত্মঘাতী হবে। মুফতি আশরাফী আরও বলেন, মসজিদের মিম্বর থেকে শুরু করে রাজপথ পর্যন্ত সর্বত্র আমাদের আচরণে ইসলামের সুমহান সৌন্দর্য ফুটে উঠতে হবে। একজন সাধারণ মানুষ যেন আমাদের আচরণ দেখে ইসলাম ও ইসলামী আদর্শের প্রতি আকৃষ্ট হন, দূরে সরে না যান। সভায় উপস্থিত অন্যরাও ইসলামী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসএইচ/ |