পবিত্র কুরআনের প্রথম পূর্ণাঙ্গ জাপানি অনুবাদক যিনি
প্রকাশ: ০১ নভেম্বর, ২০২৬, ০৪:৩৫ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র কুরআনের জাপানি ভাষায় প্রথম পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য অনুবাদ করে ইতিহাসে অনন্য স্থান করে নিয়েছেন জাপানি মুসলিম পণ্ডিত ওমর মিতা। ইসলাম গ্রহণের পর কুরআনের বাণী মাতৃভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে তিনি এক দশকেরও বেশি সময় ধরে নিরলস পরিশ্রম করেন।

১৮৯২ সালে জন্মগ্রহণকারী রিউইচি মিতা ১৯৪১ সালে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন। এরপর নিজের নাম পরিবর্তন করে রাখেন ‘ওমর’। তাঁর ইসলাম গ্রহণের আগে জাপানি ভাষায় পবিত্র কোরআনের যেসব অনুবাদ প্রকাশিত হয়েছিল, সেগুলো করেছিলেন অমুসলিম জাপানি গবেষক ও ভাষাবিদরা।

ওমর মিতা আরবি মূল পাঠের যথাযথ অর্থ ও মর্ম অক্ষুণ্ন রেখে জাপানি ভাষায় কোরআনের অনুবাদ করতে দীর্ঘ সময় ব্যয় করেন। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় সম্পন্ন হয় পবিত্র কোরআনের একটি পূর্ণাঙ্গ জাপানি অনুবাদ।

অনুবাদটি সৌদি আরবের মক্কাভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংস্থা ‘রাবেতা আল-আলম আল-ইসলামি’র আনুষ্ঠানিক স্বীকৃতি ও অনুমোদন লাভ করে। পরে ১৯৭২ সালে ঐতিহাসিক এই অনুবাদটি প্রথমবারের মতো প্রকাশিত হয়।

কুরআনের বাণী জাপানি ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ওমর মিতার এই উদ্যোগ ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে রয়েছে। সূত্র: ডিসকভার পাকিস্তান

এসএইচ/