
|
৩০ দিনের মধ্যে জেলা ও মহানগরে কমিটি গঠন করবে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ
প্রকাশ:
০১ নভেম্বর, ২০২৬, ০৪:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক জাতির ঈমান-আকিদা সংরক্ষণ ও ইসলামি আদর্শের প্রচারে ওলামায়ে কেরামের দায়িত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ। রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, ওলামায়ে কেরাম জাতির আস্থার জায়গা। জাতির ঈমান-আক্বীদা সংরক্ষণ এবং ইসলামী আদর্শের মূল চেতনা মানুষের কাছে পৌঁছে দেওয়া তাঁদের অন্যতম দায়িত্ব। যুগে যুগে ওলামায়ে কেরাম জাতির খেদমতে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে সংগঠিত করে নবুয়তি ধারার এই সুমহান দায়িত্ব যথাযথভাবে পালনের পরিবেশ তৈরিতে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ অগ্রণী ভূমিকা পালন করছে। বৈঠকে সংগঠনের দ্বি-বার্ষিক পরিকল্পনার আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দায়িত্বশীলরা নিজ নিজ বিভাগের কর্মপরিকল্পনা উপস্থাপন ও পর্যালোচনা করেন। বৈঠকে আগামী ৩০ দিনের মধ্যে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফীর সঞ্চালনায় বৈঠক অনুষ্ঠিত হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়। এসএইচ/ |