ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৫:৪৫ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী ট্রান্সজেন্ডারিজমের পক্ষে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ।

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান।

সমাবেশে বক্তারা শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ট্রান্সজেন্ডারিজমের পক্ষে এ ধরনের বক্তব্য দেশের ধর্মীয় বিশ্বাস, ইসলামী মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। ইসলামের দৃষ্টিতে এ ধরনের কর্মকাণ্ড ও মতাদর্শের বিরোধিতা করা প্রত্যেক সচেতন মুসলমানের ঈমানি ও নৈতিক দায়িত্ব। শিক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্রের দায়িত্বশীল অবস্থান থেকে এমন বিতর্কিত বক্তব্য আসা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

বক্তারা আরও বলেন, ধর্মীয় মূল্যবোধবিরোধী কোনো মতাদর্শ শিক্ষাব্যবস্থা, পাঠ্যক্রম কিংবা রাষ্ট্রীয় নীতিতে প্রতিষ্ঠার অপচেষ্টা রুখে দিতে হবে। এ বিষয়ে অভিভাবক, শিক্ষক, আলেম-উলামা ও সচেতন নাগরিকদের সতর্ক ও সজাগ থাকতে হবে। ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রশ্নে কোনো আপস করা হবে না। শিক্ষামন্ত্রীকে অবিলম্বে তাঁর বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় এ দাবিতে প্রতিবাদ ও আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব। আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সজীব ও প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মাসউদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের বায়তুল মাল বিভাগের সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দিন, অফিস বিভাগের সম্পাদক মাওলানা রায়হান মাহমুদ, প্রকাশনা বিভাগের সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মাদ আল-আমিন এবং আমেলা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম লিটনসহ মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এমএম/