
|
ফজরের নামাজ শেষে ফেরার পথে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
প্রকাশ:
২৯ অক্টোবর, ২০২৬, ০৫:২৬ বিকাল
নিউজ ডেস্ক |
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির ১৬ শতক জমি নিয়ে প্রতিবেশী শাহাবুদ্দিন মিয়ার সঙ্গে মকবুল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রে একাধিকবার সালিশ বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মকবুল হোসেন। পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্বজনেরা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। হামলায় আহত কয়েকজনকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও শাবল জব্দ করেছে পুলিশ। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এসএইচ/ |