উপজেলা পর্যায়ের প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশ জমিয়তের
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৫:১৮ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক জেলা কমিটিগুলোকে উপজেলা পর্যায়ের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে আগামী ২২ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দলের মহাসচিব ও নির্বাচন উপকমিটির সদস্যসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের পূর্ববর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রার্থী নির্বাচনের সময় সততা, যোগ্যতা, দলের প্রতি আনুগত্য, পরিচিতি, বিজয়ের সম্ভাবনা ও সক্ষমতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুণাবলি বিবেচনায় নিয়ে প্রার্থী তালিকা প্রস্তুত করতে হবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর জন্য দলের সব সাংগঠনিক জেলা কমিটির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এসএইচ/