মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয়
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৯:৪৯ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন নিয়ে প্রকাশিত কয়েকটি সংবাদ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, এসব প্রতিবেদনের শিরোনাম ও উপস্থাপনায় মন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এতে পাঠকসমাজে বিভ্রান্তি তৈরির আশঙ্কা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবাদলিপিতে মন্ত্রণালয় এ অবস্থান তুলে ধরে।

প্রতিবাদলিপিতে বলা হয়, জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত কয়েকটি সংবাদ প্রতিবেদন মন্ত্রণালয়ের নজরে এসেছে। এসব প্রতিবেদনের মধ্যে বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসাসংশ্লিষ্ট কিছু শিরোনাম ও বক্তব্যের উপস্থাপন বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

মন্ত্রণালয় জানায়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী স্পষ্ট করেছেন, দেশের যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক ও লজ্জাকর। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ধর্মমন্ত্রীর বক্তব্যের যথাযথ অর্থ ও তাৎপর্য বুঝতে হলে সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া জরুরি। বক্তব্যের কোনো অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হলে মূল বক্তব্য সম্পর্কে ভুল ব্যাখ্যা কিংবা বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে।

এ অবস্থায় প্রকাশিত প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনা করে বক্তব্যের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংশোধন এবং যথাযথ তথ্য উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে এ বিষয়ে গণমাধ্যমগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেছে মন্ত্রণালয়।

 এমএম/