সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৭:৩৫ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক 

সৌদি আরবে প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী গত দুই থেকে তিন সপ্তাহ ধরে আটকে রয়েছেন বলে দাবি করেছেন ভারতের লোকসভা সদস্য ও অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এসব যাত্রীকে দ্রুত দেশে ফিরিয়ে নিতে ভারত সরকারের জরুরি হস্তক্ষেপ ও বিশেষ উড়োজাহাজ পাঠানোর দাবি জানিয়েছেন তিনি।

ওয়াইসির দাবি, আটকে পড়া ওমরাহযাত্রীরা মক্কা, মদিনা ও জেদ্দায় নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাদের নিয়ে যাওয়া ট্রাভেল এজেন্টরাও প্রয়োজনীয় সহযোগিতা করছেন না। ফলে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন এসব যাত্রী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি জানান, ইন্ডিগো, আকাসা এয়ার ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে গিয়েছিলেন। তবে ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) এসব উড়োজাহাজ সংস্থাকে জেদ্দায় ফ্লাইট পরিচালনার অনুমতি না দেওয়ায় তাঁদের প্রত্যাবর্তনে জটিলতা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

ওয়াইসি বলেন, ডিজিসিএর উচিত দ্রুত অনুমতি দেওয়া, যাতে উড়োজাহাজ সংস্থাগুলো এয়ারবাস এ৩২১-এর মতো বড় উড়োজাহাজের মাধ্যমে ওমরাহযাত্রীদের দেশে ফিরিয়ে নিতে পারে।

এ বিষয়ে ভারতের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডুর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। উড়োজাহাজ সংস্থাগুলোকে অনুমতি দেওয়া সম্ভব না হলে ভারত সরকারকে বিশেষ ফ্লাইট পাঠিয়ে যাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন ওয়াইসি।

তিনি আরও বলেন, আটকে পড়া যাত্রীদের বড় একটি অংশ আর্থিকভাবে অসচ্ছল। সৌদি আরবের অন্য উড়োজাহাজ সংস্থাগুলোর ব্যয়বহুল টিকিট কিনে দেশে ফেরার সামর্থ্য তাদের নেই। এ কারণে দ্রুত সরকারি উদ্যোগ নেওয়া জরুরি।

 এমএম/