
|
হেফাজতের নেতৃত্বে সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠক, যেসব সিদ্ধান্ত হলো
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৬, ০২:০৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক কওমি ধারার সাত ইসলামি দলকে নিয়ে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার উদ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে সাত দলের ঐক্যের খসড়া চূড়ান্ত করতে লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদরাসায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির, মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজীসহ সংশ্লিষ্ট দলগুলোর অন্যান্য নেতৃবৃন্দ। প্রাথমিক সিদ্ধান্ত: বৈঠকে মৌলিক আলোচনায় প্রাথমিকভাবে চারটি বিষয়ে সিদ্ধান্ত ও আলোচনা হয়েছে বলে জানা গেছে ১। একসঙ্গে পথচলার সিদ্ধান্ত: সাতটি সমমনা ইসলামী রাজনৈতিক দল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ২। ‘সমমনা ইসলামী দল’ নামে কার্যক্রম পরিচালনা: নতুন কোনো রাজনৈতিক দল গঠন নয়; বরং ‘সমমনা ইসলামী দল’ নামকে একটি অভিন্ন ব্যানার হিসেবে ব্যবহার করে সাতটি দল সম্মিলিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। দলগুলো নিজ নিজ স্বতন্ত্র পরিচয় বজায় রেখেই এই উদ্যোগে অংশ নেবে। ৩। পরবর্তী বৈঠক: আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ৪। অন্যান্য জোটে থাকা দলগুলোর অংশগ্রহণ: বর্তমানে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ থাকা দলগুলো পর্যায়ক্রমে নিজ নিজ দলীয় প্রধানের সঙ্গে আলোচনা করে সমমনা ইসলামী দলের এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার বিষয়ে অগ্রসর হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আইও/ |