
|
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন আলেম প্রতিনিধিদল
প্রকাশ:
২০ অক্টোবর, ২০২৬, ১১:১৫ দুপুর
নিউজ ডেস্ক |
বিশিষ্ট আলেম ও ইসলামী ব্যক্তিত্বদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহ। এ সময় প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার ও মাওলানা মীর ইদরিস নদভি। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় ইমাম খতিব কাউন্সিলের কো-অর্ডিনেটর মাওলানা ফয়সাল এবং খতমে নবুওয়াত বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী শাসনামলে আলেম-ওলামাদের ওপর নির্যাতন এবং কারাগারে তাঁদের দুর্বিষহ বন্দিজীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর মহান আল্লাহ দেশ গঠনের যে সুযোগ দিয়েছেন, তা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে। রাষ্ট্রপতি আরও বলেন, দেশে যেন কখনো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ধর্মের নামে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকেও সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে আলেম-ওলামা ও ইসলামী পণ্ডিতদের সুসম্পর্কের কথা উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, ইসলামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রহিম’ সংযোজন করেন। পাশাপাশি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্ত করেন। নিজের বর্তমান অবস্থান তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, তিনি এখন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি। তবে ইসলামী মূল্যবোধ ও শরিয়াহর পরিপন্থী কোনো কর্মকাণ্ড যাতে সংঘটিত না হয়, সে বিষয়ে তিনি নজর রাখবেন। সাক্ষাতে প্রতিনিধিদলটি মধ্যপ্রাচ্যের ধনী ও উন্নত দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অনুদান সহায়তা সংগ্রহের বিষয়ে আলোচনা করে। এ ক্ষেত্রে তাঁদের আরবি ভাষায় দক্ষতা, যোগাযোগের সক্ষমতা ও ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগানোর বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তাঁরা। জবাবে রাষ্ট্রপতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেন। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এ সময় প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদরাসা এবং ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা পরিদর্শনের আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে মাদরাসা দুটি সফর এবং হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। এসএইচ/ |