তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ দুপুর
নিউজ ডেস্ক

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বলেছেন, ফ্যামিলি কার্ডের সুফল ভোগ করবেন মায়েরা। এই কার্ডের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে। পাশাপাশি সন্তানসহ স্ত্রীকে তালাক দিয়ে চলে যাওয়ার প্রবণতাও বন্ধ হবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বলেন, ‘মায়েদের নামে হবে ফ্যামিলি কার্ড। মায়েরাই এই সুফল ভোগ করবেন।

মায়েদের দুইটা সন্তানসহ তালাক দিবা, সেই সুযোগ আর নাই। তালাক বন্ধ করেছে এই ফ্যামিলি কার্ড।

সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে চিফ হুইপ বলেন, তারেক রহমান গ্রামগঞ্জে ঘোরেন, স্বাভাবিক জীবনযাপন করেন এবং সাধারণ মানুষের কষ্ট বোঝার চেষ্টা করেন। একজন মানুষকে স্বাবলম্বী করতে যা যা করা প্রয়োজন, তিনি সেসব উদ্যোগ নিচ্ছেন।

তিনি বলেন, তারেক রহমানের চিন্তাভাবনা ও কাজের ধরন তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি মানুষের জন্য কাজ করতে চান এবং জনগণ তাঁকে যোগ্য মনে করে ভোট দিলে দায়িত্ব পালন করবেন—এমন মনোভাব পোষণ করেন।

তারেক রহমানের প্রতিশোধ না নেওয়ার রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ তুলে নূরুল ইসলাম বলেন, প্রতিকূল পরিস্থিতিতে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন ও মামলা-মোকদ্দমার প্রসঙ্গ এলেও তারেক রহমান প্রতিশোধের পরিবর্তে দেশ গঠনে মনোযোগ দেওয়ার কথা বলেছেন। এ বক্তব্যের মাধ্যমে তিনি তারেক রহমানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে শেখ হাসিনার বক্তব্যের তুলনা করেন।

চিফ হুইপ আরও বলেন, তারেক রহমান একজন কর্মঠ ও মানবদরদি মানুষ। তিনি রাত জেগে কাজ করেন এবং মানুষের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের সিদ্ধান্তকে তিনি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি বলেন, দরিদ্র, অসহায় এবং স্বামী পরিত্যক্ত নারীদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় ৫০ লাখ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কার্ডের মাধ্যমে মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। এতে উপকারভোগীরা চাল-ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারবেন এবং সন্তানদের নিয়ে জীবনযাপন করতে পারবেন।

শিক্ষা ও কর্মসংস্থান প্রসঙ্গে নূরুল ইসলাম মণি বলেন, শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে মিড ডে মিল, বিনা মূল্যে বই বিতরণ এবং শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বাড়াতে বিশেষ কর্মসূচি এবং কারিগরি শিক্ষার প্রসারে পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিজেরা কাজ শিখে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও প্রশিক্ষণ দিতে পারেন।

তিনি বলেন, দেশকে রক্ষা করতে এবং নারীদের ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। নারীদের শিক্ষিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

নূরুল ইসলাম আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের মেয়েদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে কোনো মেয়ে স্নাতকোত্তর (এমএ) পর্যন্ত পড়াশোনা করতে চাইলে তার শিক্ষার সব খরচ সরকার বহন করবে—এমন সিদ্ধান্তের কথাও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, মায়েরা শিক্ষিত হলে ভবিষ্যৎ প্রজন্মও শিক্ষিত হয়ে উঠবে।

মতবিনিময় সভায় জেলার সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম।

আরএইচ/