আল্লামা নুরুল হকের ইন্তেকালে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের গভীর শোক
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ১১:০০ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, কুমিল্লার আধ্যাত্মিক রাহবার, দেশের শীর্ষস্থানীয় মুরুব্বি, শায়খুল হাদিস ও পীরে কামেল আল্লামা নুরুল হক (বটগ্রামের হযরত)-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তিকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদ, ভক্তবৃন্দের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা তোফায়েল, সহ-সভাপতি মাওলানা সাদ উদ্দীন এবং সেক্রেটারি মুফতী ওমর ফারুক আনোয়ারী।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘আল্লামা নূরুল হক বটগ্রামী হযরতের ইন্তিকাল এ দেশের দ্বীনি অঙ্গন, বিশেষত কুমিল্লার উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর ইন্তিকালে আমরা এমন একজন শ্রদ্ধাভাজন মুরুব্বি, দ্বীনি অভিভাবক ও আধ্যাত্মিক পথপ্রদর্শককে হারালাম, যাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। ইলমে দ্বীনের খেদমত, দ্বীনি অঙ্গনে অভিভাবকত্ব এবং উলামায়ে কেরাম ও সাধারণ মানুষের প্রতি তাঁর স্নেহশীল দিকনির্দেশনা তাঁকে সর্বমহলে শ্রদ্ধা ও ভালোবাসার আসনে অধিষ্ঠিত করেছিল।’

তাঁরা আরও বলেন, ‘মরহুম আল্লামা নূরুল হক বটগ্রামী হযরত পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের সংগঠনের জন্য ছিলেন পরম শ্রদ্ধেয় অভিভাবক ও পথনির্দেশক। তাঁর অভিভাবকত্ব, পরামর্শ ও দিকনির্দেশনা সংগঠনের জন্য ছিল অত্যন্ত মূল্যবান। তাঁর বিয়োগে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ একজন সম্মানিত অভিভাবককে হারিয়ে গভীরভাবে শোকাহত। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশের পাশাপাশি তাঁর রেখে যাওয়া দ্বীনি অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’ 

শোকবার্তায় নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাআলা তাঁর জীবনের সকল নেক আমল, ইলমি ও দ্বীনি খেদমত এবং কল্যাণকর অবদান কবুল করুন, তাঁর সকল ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে আ‘লা মাকাম দান করুন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, ছাত্র-শিষ্য, মুহিব্বিন ও শুভাকাঙ্ক্ষীদের এই কঠিন শোক সইবার তাওফিক এবং সবরে জামিল দান করুন।

আইও/