কুমিল্লার শীর্ষ আলেম আল্লামা নুরুল হকের ইন্তেকাল
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ০৮:৫৬ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, কুমিল্লার শীর্ষ আলেম, শায়খুল হাদিস ও পীরে কামেল আল্লামা নুরুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

তাঁর ইন্তেকালে কুমিল্লাসহ দেশের আলেমসমাজে শোকের ছায়া নেমে এসেছে। আজ সকাল ১১টায় গুয়াগঞ্জ কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আল্লামা নুরুল হক রহ. বটগ্রাম হামিদিয়া মাদরাসার মুহতামিম হিসেবে দীর্ঘ প্রায় ৫০ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সাবেক সভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সভাপতির দায়িত্বও পালন করেছেন। কুমিল্লার আলেমসমাজের অভিভাবক ও রাহবার হিসেবে তিনি সর্বজনশ্রদ্ধেয় ছিলেন।

দ্বীনি শিক্ষার বিস্তার, হাদিসের দরস প্রদান, ইসলামের প্রচার-প্রসার এবং আলেম-ওলামার ঐক্য প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তাঁর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে এক আলেম বলেন, আল্লামা নুরুল হক রহ. ছিলেন অনন্য এক বুজুর্গ। তাঁর ব্যবহার ছিল অত্যন্ত অমায়িক। ছোটদের প্রতি তাঁর ভালোবাসা ও স্নেহ ছিল অসাধারণ।

আল্লামা নুরুল হক রহ.-এর ইন্তেকালে শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন সর্বস্তরের আলেমরা। মহান আল্লাহ যেন তাঁর জীবনের সব দ্বীনি খেদমত কবুল করেন, তাঁকে জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, ছাত্র-শিক্ষক ও ভক্ত-অনুরাগীদের সবরে জামিল দান করেন—এ কামনা করেছেন তারা।

আইও/