আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৫:৩১ বিকাল
নিউজ ডেস্ক

মিশরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার আল-শরিফের ইসলামী মিশন ইনস্টিটিউটগুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। এতে সাহিত্য বিভাগে প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও দশম স্থান অধিকার করেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা।
 
সোমবার (১২ অক্টোবর) আল-আজহার কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ইসলামী মিশন ইনস্টিটিউটের কৃতী বিদেশি শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। শিক্ষাক্ষেত্রে অসাধারণ ফলাফল ও মেধার স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আজহারের ইসলামী গবেষণা একাডেমির মহাসচিব ড. মুহাম্মদ আল-জুন্দি, আল-আজহারের শায়খের উপদেষ্টা ও বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা উন্নয়ন কেন্দ্রের প্রধান ড. নাহলা আল-সাঈদি, ইসলামী মিশন সিটিস বিভাগের প্রধান ইসাম আল-কাদি, আল-আজহার ইনস্টিটিউটস সেক্টরের উপপ্রধান ড. আবু আল-ইয়াজিদ সালামাসহ উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তা।

আল-আজহারের ইসলামী মিশন ইনস্টিটিউটের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলাদেশ, সোমালিয়া, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডস ও ইরিত্রিয়ার শিক্ষার্থীরা উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছেন।

প্রকাশিত মেধাতালিকা অনুযায়ী, বাংলাদেশের আবদুল্লাহ আশরাফ মাহমুদ ৬৫৩ নম্বর পেয়ে ৯৭.৪ শতাংশ নম্বরসহ প্রথম স্থান অর্জন করেছেন। একই বিভাগে বাংলাদেশের মুহাম্মদ সুহাইল ৬৪০ নম্বর পেয়ে ৯৫.৫ শতাংশ নম্বরসহ তৃতীয় স্থান এবং রিদওয়ান আহমদ ৬৩৯ নম্বর পেয়ে ৯৫.৩ শতাংশ নম্বরসহ চতুর্থ স্থান অধিকার করেছেন।

এ ছাড়া বাংলাদেশের নাঈমুদ্দিন হাবিব ৬৩৭ নম্বর পেয়ে ৯৫ শতাংশ নম্বরসহ পঞ্চম স্থান অর্জন করেছেন। তালিকায় দশম স্থানও অধিকার করেছেন বাংলাদেশের শিক্ষার্থী ইমদাদ হারুনুর রশিদ ইমন। তিনি ৬০৯ নম্বর পেয়ে ৯০.৯ শতাংশ নম্বর পেয়েছেন।

এদিকে সাহিত্য বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন সোমালিয়ার আজিজা বশির ইব্রাহিম মুহাম্মদ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৪১ এবং প্রাপ্তির হার ৯৫.৬ শতাংশ। ইন্দোনেশিয়ার আনিসা লুকমান আল-হাকিম ৬২২ নম্বর পেয়ে ৯২.৮ শতাংশ নম্বরসহ ষষ্ঠ স্থান অধিকার করেছেন। একই দেশের উকাশা মুফতি বিরকাসা ৬১২ নম্বর পেয়ে ৯১.৩ শতাংশ নম্বরসহ অষ্টম স্থান অর্জন করেছেন।

অন্যদিকে, সোমালিয়ার উহুদ বশির ইব্রাহিম ৬১১ নম্বর পেয়ে ৯১.১ শতাংশ নম্বরসহ নবম স্থান লাভ করেছেন।
এদিকে উত্তীর্ণ ও কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা উন্নয়ন কেন্দ্রের প্রধান ড. নাহলা আল-সাঈদি তাঁদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রবেশের পরও অধ্যবসায় অব্যাহত রাখার আহ্বান জানান।

আল-আজহারের বিদেশি শিক্ষার্থীরা নিজ নিজ দেশে জ্ঞান, নৈতিকতা, সহনশীলতা ও মধ্যপন্থার দূত হিসেবে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। তিনি বলেছেন, আল-আজহার শরিফ এমন একদল শিক্ষার্থী গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যাঁরা গভীর জ্ঞান ও উন্নত নৈতিকতার সমন্বয়ে নিজ নিজ দেশে ইসলামের মধ্যপন্থা, ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং মানবিক মর্যাদার বার্তা পৌঁছে দেবেন। এর মাধ্যমে বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে সভ্যতাগত যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

আল-আজহারের মতো আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের এ সাফল্য দেশের জন্য গৌরবের। তাঁদের এ অর্জন বিদেশের মাটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অধ্যবসায়, মেধা ও শিক্ষাগত যোগ্যতার পরিচয় বহন করে।

এসএইচ/