তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৪:২৬ দুপুর
নিউজ ডেস্ক

আওয়ার ইসলাম ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। এ সময় বিশ্ববিদ্যালয়টির ‘বৌদ্ধিক স্বাধীনতা’র ধারণা ও এ বিষয়ে তাদের অঙ্গীকারের প্রশংসা করেন তিনি। পাশাপাশি মুসলিম উম্মাহর অগ্রগতি ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন আজহারী। পোস্টের সঙ্গে পরিদর্শনের কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি।

আজহারী জানান, বিশ্ববিদ্যালয়টির সুন্দর ক্যাম্পাস ঘুরে দেখতে পেরে তিনি আনন্দিত। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবন হালদুন বিশ্ববিদ্যালয়ের মতো আরও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন, যেগুলো ভবিষ্যৎ প্রজন্মের মুসলিম চিন্তাবিদ ও নেতা তৈরিতে ভূমিকা রাখবে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত ইবন হালদুন বিশ্ববিদ্যালয় তুরস্কের একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হয়। ইস্তাম্বুলের বাসাকশেহির এলাকায় এর প্রধান ক্যাম্পাস অবস্থিত।

বিশ্ববিদ্যালয়টিতে ইংরেজি, তুর্কি ও আরবি ভাষায় পাঠদান করা হয়। ইসলামি শিক্ষা, আইন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, ইতিহাস ও দর্শনসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে। গবেষণার পাশাপাশি বৌদ্ধিক স্বাধীনতাকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য।

এসএইচ/