এবার সিলেটের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ
প্রকাশ: ০২ অক্টোবর, ২০২৬, ০৯:৫৫ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

এবার সিলেট বিভাগের ইমাম-খতিবদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এতে লিডারশিপ, পাবলিক স্পিকিং, টাইম ম্যানেজমেন্ট, ফ্যাক্ট চেকিংসহ দাওয়াহ ও সামাজিক কার্যক্রমে প্রয়োজনীয় প্রায় ২০টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এর আগে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এবার সিলেট বিভাগের চার জেলার নির্বাচিত ইমাম-খতিবদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগের ইমামদেরও বিভাগভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট বিভাগের যেকোনো জেলার বাসিন্দা, বর্তমানে ওই বিভাগের কোনো মসজিদে কর্মরত ইমাম বা খতিবরা প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণে আদর্শ ইমামের বৈশিষ্ট্য ও গুণাবলি, লিডারশিপ ও ব্যক্তিগত উন্নয়ন, দাওয়াহ ও মনস্তত্ত্ব, আবেগীয় বুদ্ধিমত্তা, মসজিদকে কার্যকর ও উৎপাদনশীল করার কৌশল, দাওয়াহর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তথ্য যাচাই, ইসলামি চিন্তাধারা ও সমকালীন মতবাদ, পাবলিক স্পিকিং, কার্যকর যোগাযোগ ও কমিউনিটি ডেভেলপমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, ইসলাম ও বিজ্ঞানের সম্পর্ক, এলজিবিটিকিউ ও জেন্ডারবিষয়ক সমকালীন আলোচনা, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবেলার উপায়, প্যারেন্টিং, শরীরচর্চা এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

বর্তমানে সিলেট বিভাগে কর্মরত ইমাম-খতিবরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের দাওরায়ে হাদিস, ফাজিল-কামিল অথবা ইসলামি শিক্ষা কিংবা আরবি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের পরীক্ষার ফলাফল, অভিজ্ঞতা, দাওয়াহ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত তালিকা করা হবে। নির্বাচিতদের ফোনে জানানো হবে এবং শুধু নির্বাচিতরাই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

নির্বাচিত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের দিন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সর্বশেষ পরীক্ষার সনদপত্র বা নম্বরপত্র এবং সংশ্লিষ্ট মসজিদের সিল ও স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৬।

প্রশিক্ষণের সময়: ১৭ থেকে ২১ অক্টোবর, শনিবার থেকে বুধবার।

সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

স্থান: প্লট-৬২, রোড-৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা।

আস-সুন্নাহ ফাউন্ডেশন জানিয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে ইমাম-খতিবদের দাওয়াহ কার্যক্রমে দক্ষতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক পরিচিতি ও সামাজিক যোগাযোগ আরও জোরদার হবে।

আবেদন লিংক : https://asf.sh/ImamTraining

এসএইচ/