বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৩ বিকাল
নিউজ ডেস্ক

রাজধানীর বনানীতে আহমেদ টাওয়ার নামের একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৬ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিকেল ৫টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ২৬ তলা ভবনটির ২৩ তলায় একটি বায়িং হাউজের অফিসে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আইও/