মসজিদে নববীর মাইক্রোফোন ও সাউন্ড সিস্টেমে অত্যাধুনিক প্রযুক্তি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪০ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মসজিদে নববী সা.-এর মিহরাব, মিম্বর ও মুকাবারিয়ায় ব্যবহৃত মাইক্রোফোনগুলোতে রয়েছে অত্যাধুনিক সাউন্ড প্রযুক্তি। মুসল্লিদের কাছে ইমাম ও মুয়াযযিনের কণ্ঠের স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ শব্দ পৌঁছে দিতে পুরো অডিও ব্যবস্থা বিশেষভাবে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত।

মসজিদে নববীর মিহরাব, মিম্বর ও মুকাবারিয়ার মাইক্রোফোন হিসেবে একই ধরনের ‘আর্থওয়ার্কস ফ্লেক্সমাইক জেন-২’ গুজেনেক মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। পেশাদার মানের এই মাইক্রোফোন মূলত মঞ্চ, উপাসনালয় ও সম্প্রচার কার্যক্রমে উচ্চমানের শব্দ ধারণের জন্য তৈরি।

ফ্লেক্সমাইক জেন-২-এ উন্নত প্রযুক্তির পাশাপাশি শব্দের উষ্ণতা বাড়ানো, বিভিন্ন অভিজ্ঞতার বক্তার কণ্ঠ ধারণের উপযোগী পোলার প্যাটার্ন নিয়ন্ত্রণ এবং কম ফ্যান্টম পাওয়ার ব্যবহারের সুবিধা রয়েছে। এতে সাউন্ড সিস্টেমের দক্ষতা ও বিভিন্ন যন্ত্রের সঙ্গে সামঞ্জস্যও বাড়ে।

মসজিদে নববীর মিহরাবের ব্যবস্থায় আরও ছয়টি বিশেষায়িত মাইক্রোফোন রয়েছে। এগুলো দুটি কাস্টম বডির মধ্যে স্থাপন করা হয়েছে। মাইক্রোফোনগুলো তৈরি করেছে জার্মানির প্রিমিয়াম স্টুডিও ও পরিমাপ-যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাইক্রোটেক গেফেল। তবে এই দুটি বডিতে থাকা ছয়টি মাইক্রোফোন বর্তমানে মূল সক্রিয় সাউন্ড রিইনফোর্সমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত নয়।

মসজিদে নববীর অডিও ব্যবস্থার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো—প্রতিটি ইমাম ও মুয়াযযিনের কণ্ঠের বৈশিষ্ট্য অনুযায়ী সাউন্ড সিস্টেম আগে থেকেই আলাদাভাবে প্রস্তুত ও সমন্বয় করে রাখা হয়। কণ্ঠের উচ্চতা, স্বর, ধ্বনিগত বৈশিষ্ট্য ও উপস্থাপনের ধরন বিবেচনায় নিয়ে প্রকৌশলীরা এসব সেটিংস নির্ধারণ করেন।

প্রতিটি ইমামের জন্য ১৪টি করে নির্দিষ্ট সাউন্ড সেটিংস রাখা হয়। একইভাবে এগুলো প্রত্যেক মুয়াযযিনের সেটিংসের সঙ্গে প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা যায়। ফলে প্রতিটি নামাজ ও আজানের সময় সংশ্লিষ্ট ইমাম ও মুয়াযযিনের কণ্ঠের সঙ্গে সামঞ্জস্য রেখে সাউন্ড সিস্টেম দ্রুত প্রস্তুত করা সম্ভব হয়।

এই সমন্বিত প্রযুক্তির মাধ্যমে মসজিদে নববীর বিশাল পরিসরজুড়ে ইমাম ও মুয়াযযিনের কণ্ঠ স্পষ্ট, স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সূত্র: হারামাইন আর্কাইভ

আইও/