
|
চট্টগ্রাম মহানগর জমিয়তের সভাপতি জাকারিয়া, সাধারণ সম্পাদক আফতাব
প্রকাশ:
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৫ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক মাওলানা জাকারিয়া কাসেমীকে সভাপতি ও মাওলানা শামসুদ্দীন আফতাবকে সাধারণ সম্পাদক করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে মহানগর জমিয়তের কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা হিজবুল্লাহকে সিনিয়র সহ-সভাপতি এবং মাওলানা ইউনুস সাইফীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কাউন্সিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জমিয়তের আহ্বায়ক মাওলানা জাকারিয়া কাসেমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা শামসুদ্দীন আফতাব। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। প্রধান আলোচক ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ও ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা কাউসার আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি ও পরোক্ষ প্রভাব দেশের সর্বস্তরের মানুষের ওপর পড়ে। এতে পরিবহন ব্যয়, পণ্য পরিবহন ও উৎপাদন খরচ বেড়ে যায়। এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই সাধারণ মানুষ চরম সংকটে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়লে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি হবে। তাই গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্যসহ জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানান তিনি। প্রধান আলোচক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া জমিয়তে উলামায়ে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে দ্বীন ও মিল্লাতের হেফাজতে সংগঠনটির অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি কর্মীকে যোগ্য ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে এবং নীতির ওপর অটল থাকতে হবে। দায়িত্বশীলদের ব্যক্তিত্ব গঠন ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনা, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক দাওয়াতি কার্যক্রম এবং দায়িত্বশীলদের নিয়মিত বৈঠকের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। কাউন্সিলে চট্টগ্রাম উত্তর জেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মাওলানা জাফর আহমদ, হাফেজ জাফর আহমদ, মাওলানা এমরান সিকদার, মাওলানা আবু ইউসুফ ফারুকী, মাওলানা ইদ্রিস, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা শামসুল হক, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা হাবিবুল করিম জমিরীসহ চট্টগ্রাম জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্র জমিয়তের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা এম ফুরকান আলী, সাইফুল ইসলাম, ওমর ফারুক, রায়হান ও রাফিউল ইসলাম রিপনসহ ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিল শেষে মাওলানা জাকারিয়া কাসেমীকে সভাপতি, মাওলানা হিজবুল্লাহকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা শামসুদ্দীন আফতাবকে সাধারণ সম্পাদক এবং মাওলানা ইউনুস সাইফীকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম মহানগর জমিয়তের নতুন কমিটি ঘোষণা করা হয়। আইও/ |