
|
বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি
প্রকাশ:
২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৫ রাত
নিউজ ডেস্ক |
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) ছুটি থাকবে। এ দিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত বাৎসরিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারণ করা ছিল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। তবে, এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভর করে। ফলে আগের সেই ছুটির তারিখ পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর করা হলো। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকে। তবে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর এ ছুটি নির্ভর করে। দিবসটিতে বিশ্ববিদ্যালয় ছুটি থাকলে সাধারণত আগে নোটিশ দেওয়া হয়। ‘ইয়াজদাহম’ একটি ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ অর্থ ১১তম দিনের ফাতিহা বা ফাতেহা শরিফ। প্রতি হিজরি সনের রবিউস সানি মাসের ১১ তারিখে দিবসটি পালন করা হয়। বড়পীর হজরত আবদুল কাদির জিলানি (রহ.)- এর ওফাত (মৃত্যু) দিবস হিসেবে এটি পালিত হয়। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রসারে তার ব্যাপক অবদান রয়েছে। একে অনেক সময় ‘গেয়ারভি শরিফ’ বলা হয়। এসএইচ/ |