
|
‘শাপলা চত্বরের সমাবেশ ছিল ঈমান-আকিদা রক্ষার আন্দোলন’
প্রকাশ:
২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৩ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতৃত্বে তৌহিদী জনতার সমাবেশকে ঈমান-আকিদা ও ইসলামী মূল্যবোধ রক্ষার আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি বলেন, তৎকালীন সরকারের দমন-পীড়ন ও নানা বাধা উপেক্ষা করে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর ইজ্জত এবং ইসলামের মর্যাদা রক্ষার দাবিতে তৌহিদী জনতা শাপলা চত্বরে স্বতঃস্ফূর্তভাবে সমবেত হয়েছিলেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ এশা রাজধানীর পুরানা পল্টনের আল্লামা শাহ আহমদ শফী (রহ.) মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোন সভাপতি শাইখুল হাদিস মুফতি সালাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি বাংলাদেশসহ বিশ্বের মুসলিম তৌহিদী জনতার একটি অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে আসছে। তিনি বলেন, কোনো দলীয় রাজনৈতিক স্বার্থে নয়; বরং ইসলামের মৌলিক আকিদা, ধর্মীয় মূল্যবোধ এবং মুসলমানদের অধিকার ও মর্যাদা রক্ষার লক্ষ্যে হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরের আন্দোলনসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে হেফাজতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২৪ সালের আন্দোলনের সময়ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করতে গেলে হেফাজতে ইসলামের ভূমিকা ও তৎকালীন ঘটনাপ্রবাহকে উপেক্ষা করার সুযোগ নেই। সভাপতির বক্তব্যে মুফতি সালাহ উদ্দিন বলেন, হেফাজতে ইসলামকে রাজনৈতিক সংগঠন হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা সঠিক নয়। সংগঠনটি তার স্বকীয় আদর্শ ও সাংগঠনিক বৈশিষ্ট্য বজায় রেখেই ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করে যাবে। তিনি আরও বলেন, আলেম-উলামা, মাদরাসা, মসজিদ ও ধর্মীয় মূল্যবোধের মর্যাদা রক্ষায় হেফাজতে ইসলাম তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের নেতারা দেশের সর্বস্তরের মুসলিম জনগণকে ঈমান-আকিদা, ধর্মীয় মূল্যবোধ, শান্তি, ন্যায় ও মানবিক মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় কেন্দ্রীয় ও মহানগর নেতাদের দিকনির্দেশনা অনুযায়ী ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে হেফাজতে ইসলামের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মুফতি আজহারুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মুফতি শামসুল ইসলাম জিলানীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। আইও/ |