জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৫ রাত
নিউজ ডেস্ক

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো জনগণের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।

তারা বলেন, জ্বালানি তেল শুধু ব্যক্তিগত যানবাহনের জ্বালানি নয়; কৃষি, পরিবহন, পণ্য সরবরাহ, শিল্প-কারখানা ও সামগ্রিক অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ফলে জ্বালানির দাম বাড়লে পরিবহন ভাড়া, কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও উৎপাদন ব্যয়—সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে।

নেতৃদ্বয় আরও বলেন, সরকারের আয়-ব্যয়ের ভারসাম্য কিংবা জ্বালানি খাতের লোকসানের দায় একতরফাভাবে সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। জনগণের ক্রয়ক্ষমতা, নিম্ন ও মধ্যবিত্তের জীবনযাত্রা এবং কৃষক-শ্রমিকের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি মূল্য নির্ধারণ করতে হবে।

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও জ্বালানি খাতে সরকারের আর্থিক চাপের বিষয়টি বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করে তারা বলেন, সংকট মোকাবিলার সহজ পথ হিসেবে বারবার জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হলে অর্থনীতিতে বহুমাত্রিক চাপ তৈরি হবে।

তারা অপচয় ও অনিয়ম বন্ধ, জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত এবং বিকল্প ব্যয়-সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা, গণপরিবহনে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি রোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কঠোর নজরদারি এবং নিম্ন আয়ের মানুষের জন্য কার্যকর সুরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানান ইসলামী যুব আন্দোলনের সভাপতি ও সেক্রেটারি জেনারেল।

তারা বলেন, জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো এবং মানুষের স্বস্তি ফিরিয়ে দেওয়াই সরকারের অগ্রাধিকার হওয়া উচিত।

এসএইচ/