
|
কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
প্রকাশ:
২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪২ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখা। রোববার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সেক্রেটারি ডাক্তার আতিকুর রহমান মজুমদার সবুজ। বিবৃতিতে তিনি বলেন, অপ্রতিমের নির্মম মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সবার দায়িত্ব। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জানা যায়, গত শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন স্থান থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং গুরুত্বপূর্ণ কিছু সূত্র পেয়েছে বলে জানা গেছে। বিবৃতিতে ডাক্তার আতিকুর রহমান মজুমদার সবুজ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, কোনো শিশু নিখোঁজ হওয়ার পর প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় দ্রুত অনুসন্ধান, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতা জোরদার করা প্রয়োজন। বিবৃতির শেষে অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসএইচ/ |