
|
কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি
প্রকাশ:
২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। রোববার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়ার পরদিন লালমাই-সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। মাত্র ১৩ বছর বয়সী একজন শিক্ষার্থীর এভাবে প্রাণ হারানোর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদ্ঘাটন করে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তদন্ত শেষে প্রমাণের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে হবে। রিদওয়ান মাযহারী বলেন, একজন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হওয়ার পরদিন তার লাশ উদ্ধারের ঘটনা শিশু-কিশোরদের নিরাপত্তা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এ ধরনের ঘটনায় তদন্তে কোনো ধরনের গাফিলতি বা দীর্ঘসূত্রতার সুযোগ থাকা উচিত নয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিমের চলাফেরা ও সঙ্গ নিয়ে বিভিন্ন আলোচনা দেখা যাচ্ছে। তার সঙ্গে অসৎ সঙ্গ কিংবা বয়সে বড় কোনো গোষ্ঠীর যোগাযোগ ছিল কি না, তদন্তের প্রয়োজনে তা খতিয়ে দেখা যেতে পারে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা বা অনুমানের ভিত্তিতে কাউকে দায়ী করা ঠিক হবে না। প্রকৃত তথ্য, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতেই তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নির্ধারণ করতে হবে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে রিদওয়ান মাযহারী বলেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের চরিত্র, ব্যক্তিত্ব ও সামাজিক পরিবেশের প্রতিও অভিভাবকদের সচেতন থাকা প্রয়োজন। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কী ধরনের পরিবেশে সময় কাটাচ্ছে, সেদিকে দায়িত্বশীল নজর রাখা জরুরি। অসৎ সঙ্গ ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে সন্তানদের দূরে রাখতে পরিবারকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে। বিবৃতিতে অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানান ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি। আইও/ |