ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৪ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০২৬-২০২৭ সেশনের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাকারিয়া হোসাইন জাকির। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ ইসমাঈল খন্দকার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৬-এর সমাপনী অধিবেশনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

সারাদেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ফল ঘোষণা করেন তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান ও সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. আবদুল জলিল ও প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে সারাদেশের সদস্যদের ভোট গ্রহণ করা হয়। পরে শনিবার বিকেল সাড়ে ৩টায় সদস্যদের উপস্থিতিতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

ফল ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকিরকে শপথ পড়ান খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ।

নবনির্বাচিত সভাপতি জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ।

তিনি বলেন, ছাত্রসমাজ একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রধান ভিত্তি। জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের সমন্বয়ে ছাত্রদের গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার সব স্তরে কোরআন ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। শিক্ষা ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য দূর করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার, নৈতিকতা ও দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করতে হবে।

নতুন সভাপতি ও দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে মাওলানা আবদুল বাছিত আজাদ বলেন, সংগঠনের দায়িত্বশীলদের আমানতদারিতা, তাকওয়া, নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ছাত্রসমাজের কল্যাণের পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ভূমিকা রাখতে হবে।

সমাপনী অধিবেশন পরিচালনা করেন নবমনোনীত সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসমাঈল খন্দকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম।

এ ছাড়া ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতিদের মধ্যে অ্যাডভোকেট শায়খুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সোহাইল আহমদ, মাওলানা আজিজুল হক, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা মনসুরুল আলম মনসুর, মাওলানা মনির হোসাইন ও সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সেক্রেটারি জেনারেল, সাবেক নির্বাহী ও পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য এবং বিভিন্ন মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারাও উপস্থিত ছিলেন।

আইও/