ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৭ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ে সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অর্থ ও প্রকাশনা সম্পাদক এস এম রাকিবুল হাসানের আড়াই বছর বয়সী ছেলে আহনাফকে দেখতে গিয়ে এ অভিযোগ করেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ আতিকুর রহমান মুজাহিদ।

তিনি বলেন, দেশে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় স্বাস্থ্য ব্যবস্থার ওপরও ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়েছে।

আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন আর সাময়িক স্বাস্থ্য সমস্যা নয়; এটি জনস্বাস্থ্যের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। কার্যকর মশক নিধন অভিযান পরিচালনা, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার এবং মশার প্রজননস্থল দ্রুত ধ্বংসে কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে।

তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত মশক নিধন অভিযান পরিচালনা এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি চিকিৎসাধীন শিশু আহনাফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা নিয়ে কথা বলেন। পরে আহনাফের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন।

এ সময় প্রতিনিধি দলে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ডা. মুজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মুফতি ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ), শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আলহাজ আমিনুল হক তালুকদার, সদস্য নূরে আলম সিদ্দিকী এবং আদাবর থানা শাখার সভাপতি মাওলানা কামাল হোসেনসহ অন্যরা।

এসএইচ/