
|
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬
প্রকাশ:
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক ব্যক্তি ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কোহাত জেলার পুলিশ সদরদপ্তরের মসজিদের গেটে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ধাক্কা দেয় হামলাকারীরা। পরে গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। হামলার সময় জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলি চলছে। এর মধ্যে এক হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে। বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে, হামলার পর স্থানীয় হাসপাতালে ১৫টি মরদেহ এবং প্রায় ৫০ জন আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক তাহির শাহ জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সক্রিয় উপস্থিতি রয়েছে। গোষ্ঠীটি অতীতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে এবং মসজিদেও বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এসএইচ/ |