
|
ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য
প্রকাশ:
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪১ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ইন্দোনেশিয়ায় হজের অপেক্ষমাণ তালিকা নিয়ে বড় ধরনের তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে। প্রায় ৫৭ লাখ মানুষের তালিকা যাচাই করে ৪ লাখের মতো ভুল বা অবৈধ তথ্য শনাক্ত করেছে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। এসব তথ্য বাদ দিয়ে তালিকা হালনাগাদ করা হলে হজের জন্য অপেক্ষার গড় সময় ২৬ বছর থেকে কমে ১৪–১৫ বছরে নেমে আসতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার হজ ও উমরাহবিষয়ক উপমন্ত্রী দাহনিল আনজার সিমাঞ্জুনতাক জানান, অপেক্ষমাণ হজযাত্রীদের তথ্য যাচাইয়ের সময় প্রায় ৪ লাখ তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে। এর মধ্যে ভুল বা অকার্যকর তথ্য থাকতে পারে। সেগুলো যাচাই করে তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে ইন্দোনেশিয়ায় হজের জন্য অপেক্ষার গড় সময় প্রায় ২৬ বছর। দেশটির বিপুলসংখ্যক মুসল্লির তুলনায় সৌদি আরব থেকে নির্ধারিত হজ কোটা সীমিত হওয়ায় দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ তালিকা তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের হিসাবে, তালিকা থেকে অকার্যকর তথ্য বাদ দিয়ে প্রকৃত হজপ্রত্যাশীর সংখ্যা নির্ধারণ করা গেলে অপেক্ষার সময়ের হিসাবও উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। তখন গড় অপেক্ষার সময় ১৪ থেকে ১৫ বছর হতে পারে। এদিকে দীর্ঘ সময় অপেক্ষমাণ থাকা হজযাত্রীদের জমা দেওয়া অর্থ কীভাবে আরও স্বচ্ছ ও কার্যকরভাবে ব্যবস্থাপনা করা যায়, সে বিষয়েও নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া। বিশেষ করে দীর্ঘ সময় ধরে জমা থাকা হজের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। ফলে দেশটির হজ ব্যবস্থাপনায় অপেক্ষমাণ তালিকা, হজ কোটা ও হজযাত্রীদের অর্থ ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন আইও/ |