
|
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা
প্রকাশ:
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৮ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মক্কা ও সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় দেশটির প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মক্কা আল-মুকাররমা ও সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে। এসব পবিত্র স্থান রক্ষায় সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি সংহতিও প্রকাশ করছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও পবিত্রতা সব সময় সম্পূর্ণভাবে সম্মান ও সুরক্ষিত রাখতে হবে। বাংলাদেশের এ নিন্দা এমন সময়ে এলো, যখন সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি ভূখণ্ডে একাধিক হামলার খবর পাওয়া গেছে। এর আগে গত ৮ সেপ্টেম্বরও সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলার নিন্দা জানিয়েছিল বাংলাদেশ। এর আগে ইয়েমেনবিষয়ক সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, মঙ্গলবার ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি হুথি ড্রোন মক্কার দক্ষিণের আকাশে শনাক্ত করা হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি মক্কার নির্ধারিত নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়। তবে মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। বুধবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, মক্কায় হামলার দাবি ‘ঘৃণ্য মিথ্যা’। তার দাবি, হুথিদের সামরিক অভিযানের লক্ষ্য তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি। এদিকে পবিত্র মক্কা নগরী ও মসজিদুল হারামের নিরাপত্তা ও পবিত্রতা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার নিন্দা জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন ইসলামি সংগঠনও। আইও/ |