মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৬ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মক্কা নগরী ও মসজিদুল হারামের নিরাপত্তা ও পবিত্রতা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বিবৃতিতে জমিয়ত নেতৃদ্বয় বলেন, পবিত্র মক্কা-মদিনা মুসলমানদের হৃদয়ের স্পন্দন এবং বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত ও পবিত্র স্থান। এসব পবিত্র স্থানের নিরাপত্তা ও মর্যাদার প্রতি হুমকি সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা বলেন, পবিত্র ভূমিতে হামলা ও সহিংসতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা ইসলামের শান্তি ও নিরাপত্তার আদর্শের পরিপন্থী। হুথিদের পক্ষ থেকে পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে হামলার ঘটনা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।

জমিয়ত নেতারা সৌদি আরবের পবিত্র ভূমি, মক্কা-মদিনা ও মুসলমানদের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মুসলিম বিশ্বের দেশ ও জনগণকে ঐক্য ও সংযম বজায় রেখে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সম্মিলিত ভূমিকা পালনের আহ্বান জানান।

তারা আরও বলেন, পবিত্র মক্কা-মদিনার নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের হুমকি বা আগ্রাসন মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে তারা পবিত্র ভূমি ও সমগ্র মুসলিম উম্মাহকে সব ধরনের বিপদ-আপদ ও ফিতনা থেকে হেফাজত এবং বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন।

আইও/