
|
মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি
প্রকাশ:
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মুকাররামায় ইতিহাসে প্রথমবারের মতো বিমান হামলার জরুরি সতর্কসংকেত (সাইরেন) বাজার ঘটনাকে পুরো মুসলিম উম্মাহর জন্য এক বড় সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি। বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি সৌদি ভূখণ্ডে হামলা এবং পবিত্র মক্কায় সাইরেন বাজানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানান। বর্তমান অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল পরিস্থিতিতে ভাতৃপ্রতিম দেশ সৌদি আরবকে লক্ষ্যবস্তু করাকে তিনি অত্যন্ত বিপজ্জনক ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। মুফতি তাকি উসমানি বলেন, পবিত্র নগরী মক্কায় ইতিহাসে প্রথমবারের মতো জরুরি সাইরেন বাজার ঘটনাটি কোনো সাধারণ বিষয় নয়; বরং এটি সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক বিরাট হুঁশিয়ারি। একই সঙ্গে চলমান এই সংকটে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও নীতি নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি। মুফতি তাকি উসমানি উল্লেখ করেন, এই সংকটময় মুহূর্তে সৌদি আরবকে রক্ষা করা ও পূর্ণ সমর্থন দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বিধাবোধ ও পিছু হটা মূলত মুসলিম উম্মাহর বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের নিন্দনীয় কৌশল ও মনোভাবকেই উন্মোচিত করে। এর আগে, গতকাল মঙ্গলবার সৌদির পশ্চিমাঞ্চলের মক্কা, জেদ্দা ও তাইফসহ কয়েকটি এলাকায় আকাশপথে হামলার হুমকি সংক্রান্ত সতর্কতা জারি করা হলেও কিছুক্ষণের মধ্যেই তা প্রত্যাহার করা হয়। খবর আলজাজিরার। সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হুতিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এ সতর্কতা জারি করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মক্কাকে লক্ষ্য করে কোনো হামলা হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: উর্দু পয়েন্ট ও আল জাজিরা আইও/ |