
|
মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক
প্রকাশ:
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৪ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হামিউস সুন্নাহ মেখল মাদ্রাসার মুহতামিম, প্রবীণ আলেমে দ্বীন ও শিক্ষাবিদ মাওলানা উসমান ফয়েজী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক ও সমবেদনা জানান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। যৌথ শোকবার্তায় হেফাজতের শীর্ষ দুই নেতা বলেন, মাওলানা উসমান ফয়েজী (রহ.) ছিলেন দ্বীনি ইলম, তালিম-তারবিয়ত ও উম্মাহর খেদমতে একজন নিবেদিতপ্রাণ আলেম। দীর্ঘদিন মেখল মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে তিনি ইসলামী শিক্ষার প্রসার ও অসংখ্য যোগ্য আলেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা বলেন, তাঁর দীর্ঘদিনের দ্বীনি খেদমতের মাধ্যমে দেশ একজন খাঁটি আলেমে দ্বীন ও সমাজসংস্কারককে হারিয়েছে। তাঁর ইন্তেকালে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। শোকবার্তায় হেফাজতের আমীর ও মহাসচিব মরহুমের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, ছাত্র ও ভক্ত-অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন, আল্লাহ তায়ালা যেন তাঁর সব দ্বীনি খেদমত কবুল করেন, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন। এসএইচ/ |