
|
২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি
প্রকাশ:
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫২ বিকাল
নিউজ ডেস্ক |
২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হবে, তা নিয়ে ইতোমধ্যে মুসলিম উম্মাহর মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হয়েছে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস। এর মধ্য দিয়ে রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য সময় আর পাঁচ চন্দ্রমাস দূরে রয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রবিউসানি মাসের চতুর্থ দিন। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজান মাসের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। আর পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। তবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে রমজান শুরুর তারিখ এক দিন পিছিয়ে যেতে পারে। ইসলামী ক্যালেন্ডারে মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে চূড়ান্ত তারিখে কিছুটা পার্থক্য হতে পারে। চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হবে। এরপর শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ হতে পারে। তবে এ তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
|