
|
চট্টগ্রাম বিভাগে বেফাকের মাদরাসা পরিদর্শন শুরু আগামীকাল
প্রকাশ:
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৩ দুপুর
নিউজ ডেস্ক |
|| ইবনে সাবের || দেশের বৃহত্তম কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) আওতাধীন চট্টগ্রাম বিভাগের মাদরাসাগুলোতে পরিদর্শন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর)। এ কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার বেফাকভুক্ত মাদরাসাগুলো পরিদর্শন করা হবে। বেফাকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি, বুধবার থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু হবে। পরিদর্শনকালে মাদরাসাগুলোর শিক্ষার মান, প্রশাসনিক কার্যক্রম, হিসাব ব্যবস্থাপনা ও বোর্ড-সংক্রান্ত বিভিন্ন বিষয় তদারকি করা হবে। বেফাকের পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে হিফজ ও কিতাব বিভাগের বেফাকভুক্ত জামাতগুলোর শিক্ষার্থীদের মৌলিক কিতাব থেকে প্রশ্ন করা হবে। ইবতিদাইয়্যাহ, মুতাওয়াসসিতাহ, সানাবিয়া, ফজিলত ও তাকমিলসহ বিভিন্ন জামাতের শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। সময়-সুযোগ অনুযায়ী মীযান ও হেদায়াতুন্নাহু জামাতের শিক্ষার্থীদেরও এ কার্যক্রমের আওতায় আনা হবে। এ ছাড়া বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হবে। মাদরাসার হিসাব বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করতে হিসাব ব্যবস্থাপনা তদারকি, অডিটের খোঁজখবর নেওয়া এবং সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হবে। পাশাপাশি মাদরাসাগুলোর হালনাগাদ তথ্য সংগ্রহ ও বোর্ড-সংশ্লিষ্ট ফি আদায়ের কার্যক্রমও পরিচালিত হবে। পরিদর্শকরা বেফাক-সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ও মহিলা মাদরাসার নিসাবনামা, মাকাদিরে আসবাক, হিফজ বিভাগের নেসাব, মাদরাসার উন্নয়নসংক্রান্ত সুপারিশপত্র, ভাউচার সঠিকভাবে সংরক্ষণের নিয়মাবলি এবং বৃত্তি উত্তোলনের ফরম সরবরাহ উল্লেখযোগ্য। এ ছাড়া নতুন মাদরাসা নিবন্ধন, নিবন্ধিত মাদরাসার মারহালা পরিবর্তনসহ বোর্ড-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়া হবে। বেফাক কর্তৃপক্ষ চট্টগ্রাম বিভাগের আওতাধীন মাদরাসাগুলোকে নির্ধারিত পরিদর্শকদের সঙ্গে যোগাযোগ করে পরিদর্শন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে পরিদর্শকদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য মাদরাসা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। যেসব মাদরাসা নতুন প্রতিষ্ঠিত হওয়ায় পরিদর্শন-সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতা নেই, তাদের নির্ধারিত পরিদর্শকদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মাদরাসার বার্ষিক ফি ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ের পরিমাণ আগেই জেনে প্রস্তুতি গ্রহণের জন্যও অনুরোধ করা হয়েছে। আইও/ |