বায়তুল মোকাররমে ইসলামি বইমেলার উদ্বোধন, চলবে মাসব্যাপী
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৬ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ‘ইসলামি বইমেলা-২০২৬’।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, বিগত ১৮ বছরে ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎ ও গ্যাস খাত পুনর্গঠনে বর্তমান সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে। ধৈর্য ও পূর্ণ আস্থার সঙ্গে কাজ করলে দেশের সব সংকট কেটে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইসলামিক ফাউন্ডেশনকে মুজিববাদী প্রভাবমুক্ত করার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, বিগত ১৮ বছর ধরে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত ইসলামিক ফাউন্ডেশনকে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পবিত্র কোরআন ও হাদিস প্রচারের প্রকৃত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

এ সময় তিনি সরকারের হজ ব্যবস্থাপনার সাফল্য, বিমানভাড়া হ্রাস এবং ধর্মীয় সেবীদের ভাতার পরিধি বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী।

মেলায় দেশি-বিদেশি ২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

আইও/