রাজধানীর ফুটপাতে মিলল দুই লাশ
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৮ দুপুর
নিউজ ডেস্ক

রাজধানীর শাহবাগের জাতীয় ঈদগাহ ও হাইকোর্ট মাজার সংলগ্ন পৃথক স্থান থেকে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

‎নিহত দুজনের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬৫ বছর এবং অপরজনের বয়স প্রায় ৪৫ বছর। তাদের কারো ঠিকানা বা পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎‎পুলিশ জানায়, শনিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টসংলগ্ন হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ এলাকার দুটি পৃথক স্থানে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। এর মধ্যে একজনকে শিক্ষাভবনের বিপরীত পাশে সুপ্রিম কোর্টের পানির পাম্পের কাছে এবং অপরজনকে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের উত্তর পাশে বটগাছের নিচে ফুটপাতের ওপর পড়ে থাকতে দেখা যায়। ওই স্থানটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিপরীত পাশে।

‎পথচারীরা বিষয়টি শাহবাগ থানায় জানালে থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করেন। পরে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢামেকের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

‎শাহবাগ থানার এসআই তৌফিক হাসান জানান, দুপুরে হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন ফুটপাতে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

‎‎তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন ভবঘুরে প্রকৃতির ছিলেন।

‎‎লাশ দুটির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য সেগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পুলিশ লাশ দুটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালাচ্ছে।

এসএইচ/