
|
আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ইসলামি বইমেলা
প্রকাশ:
১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৭ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে আজ বিকেল সাড়ে ৫টায়। এর আগে শুক্রবার সকাল ১০টায় বইমেলার উদ্বোধন হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত সময়সূচিতে পরিবর্তন আনা হয়। যদিও শুক্রবারও মেলায় প্রচুর পাঠক-দর্শনার্থীর সমাগম হয়। অধিকাংশ স্টলের কাজও শেষ হয়েছে এবং তারা বইয়ের পসরা সাজিয়ে বসেছে। মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। ইসলামি বইয়ের সমারোহে সাজানো এ মেলায় পবিত্র কুরআন, হাদিস, সীরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক নানা গ্রন্থ পাওয়া যাবে। এ ছাড়া শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বইসহ বিভিন্ন ধরনের ইসলামি গ্রন্থও থাকছে মেলায়। ফলে পাঠকরা একই স্থানে বিভিন্ন বিষয়ের ইসলামি বই সংগ্রহের সুযোগ পাবেন। আয়োজকরা আশা করছেন, মাসব্যাপী এ বইমেলার মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বইপ্রেমী ও সংশ্লিষ্ট সবাইকে আজ বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিতব্য উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এসএইচ/ |